খুলনায় বিভাগীয় পর্যায়ে ৫ শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা প্রদান

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৬:৫৪ পিএম

খুলনা বিভাগীয় পর্যায়ে অদম্য নারী সম্মাননা প্রকাশ করা হয়েছে। আজ রবিবার খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারীকে এ সম্মাননা প্রদান করেন।

সম্মাননাপ্রাপ্ত পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে খুলনা মহানগরীর খালিশপুরের তারানা তাবাচ্ছুম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী কুষ্টিয়ার ভেড়ামারার মোছা. ববিতা খাতুন, সফল জননী ক্যাটাগরীতে সাতক্ষীরা সদরের লুৎফুননেছা বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী যশোর সদরের শরিফা ইয়াসমিন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মোছা. রাজিয়া খাতুন। বিভাগীয় প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বলেন, দেশের সকল নারীই অদম্য। শিক্ষা হলো আলো আর আলো হলো নূর। আজকের সফল নারীরা হলেন, নূরের অংশ। সমাজে নারী ও পুরুষের ভূমিকা অনস্বীকার্য। অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করে নারীদের সফলতা ছিনিয়ে আনতে হয়। টাকা বা পুরস্কার বিষয় নয়, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্বীকৃতি মূল বিষয়। আজকের বিজয়ীরা শুধু নিজের জন্য নয়, পরিবার বা সমাজের পক্ষে স্বীকৃতি অর্জন করেছেন।
তিনি আরো বলেন, মেয়েদের কাজ মেয়ে হিসেবে নয়, মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে। মেয়েরা এভাবেই সামনে এগিয়ে যাক।

খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহাম্মেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল।

এতে স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত অদম্য নারীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় শ্রেষ্ঠ অদম্য নারী, তাদের অভিভাবক, বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারীকে অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত