হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে ‘আর রহমান বেকারি’। অভিযোগ উঠেছে প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে অনিয়মের মধ্যেই উৎপাদন হচ্ছে বনরুটি, কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য।
সোমবার (২ মার্চ) দুপুরে বেকারি প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, বেকারির ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা হচ্ছে। উৎপাদন কক্ষ অপরিচ্ছন্ন, শ্রমিকদের অনেকেই স্বাস্থ্যবিধি না মেনেই কাজ করছেন।এতে জনস্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে।
এবিষয়ে আর রহমান বেকারির স্বত্বাধিকারী মাছুম মুন্সীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দেশ রূপান্তরকে বলেন, বিএসটিআইয়ের অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। প্রায় ৭ মাস ধরে বেকারি চালু রয়েছে। তবে এখনও আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়নি। আপনাদের জন্য কিছু করা লাগলে বলেন।
স্থানীয়রা জানায়, কিছুদিন আগে বেকারিটিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করে। এরপরও কার্যক্রম বন্ধ না করে আগের মতোই উৎপাদন চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহল বলছে, জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
এ বিষয়ে মাধবপুরের স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান জানান, মাধবপুরে হাতে গোনা কয়েকটি বেকারির বিএসটিআই লাইসেন্স রয়েছে। কয়েকমাস আগে ভ্রাম্যমাণ আদালত আর রাহমান বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছিল। প্রয়োজনে আবারও অভিযান চালিয়ে এটি বন্ধ করে দেওয়া হবে।
