প্রধান বিরোধীদল হিসেবে ডেপুটি স্পিকার পাচ্ছে জামায়াত

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৩:১৬ পিএম

জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে এবং রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে প্রধান বিরোধীদল থেকেই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

সোমবার (২ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে এবং রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐকমত্যের ভিত্তিতে এর বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চায় সরকার। এ বিষয়ে প্রধান বিরোধীদলকে প্রার্থী ঠিক করার জন্য সরকারের পক্ষ থেকে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদের যে সমঝোতা হয়েছে, সেখানে দুটি ডেপুটি স্পিকারের পদ সৃষ্টির কথা উল্লেখ আছে, যার একটি বিরোধীদল পাবে। যদিও ঠিক এভাবে বলা না থাকলেও বর্তমান কাঠামো অনুযায়ী একজন ডেপুটি স্পিকার বিরোধীদল থেকে নির্বাচিত হবেন।

এদিকে অন্তর্বর্তী সরকারের আমলের ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়ম অনুসারে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে জাতীয় সংসদের প্রথম দিনে অধ্যাদেশগুলো উপস্থাপন করার। তাই সেগুলো সংসদে উপস্থাপিত হবে। তবে এই ১৩৩টি অধ্যাদেশের মধ্যে কোনগুলো গৃহীত হবে আর কোনগুলো হবে না, তা জাতীয় সংসদে আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত