কুমিল্লায় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত ৫৮১ রেগুলেটর ধ্বংস

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৩:৩৯ পিএম

অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত ৫৮১টি অনিবন্ধিত ও নিম্নমানের রেগুলেটর ধ্বংস করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গ্যাস বিস্ফোরণের ঝুঁকি কমাতে সোমবার (২ মার্চ) কুমিল্লায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে এ ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মকর্তাদের উপস্থিতিতে রোলার দিয়ে চাপ দিয়ে জব্দ করা রেগুলেটরগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

কোম্পানি বলছে, অবৈধ সংযোগের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এসব রেগুলেটর জব্দ করা হয়। এর আগে গত বছরের অক্টোবরে প্রায় সাড়ে চার হাজার অনিবন্ধিত রেগুলেটর ধ্বংস করা হয়েছিল।

বাখরাবাদের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) প্রকৌশলী সোলাইমান বলেন, মানহীন রেগুলেটর ব্যবহারের কারণে গ্যাস লাইনে বিস্ফোরণের আশঙ্কা বেড়ে যায়। এসব সরঞ্জাম ধ্বংসের মাধ্যমে ঝুঁকি কমানোর পাশাপাশি বৈধ গ্রাহকদের গ্যাসের চাপ স্বাভাবিক রাখতে সহায়তা করবে। বর্তমানে কোম্পানির ৩০টি মনিটরিং দল নিয়মিতভাবে অবৈধ সংযোগ বিচ্ছিন্নে মাঠে কাজ করছে।

কোম্পানির কর্মকর্তারা জানান, কিছু অসাধু ও অসচেতন ব্যক্তি বাজার থেকে নিম্নমানের রেগুলেটর কিনে বাসাবাড়িতে গ্যাস সংযোগ নিচ্ছেন। এতে দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা তৈরি হচ্ছে। এমন ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (বিপণন) মর্তুজা রহমান খান, মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) মাহবুব আলম সিদ্দিকী ও মহাব্যবস্থাপক (প্রশাসন) নাহিদ বনী ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত