ঘরের মাঠে টানা দ্বিতীয় পরাজয় রিয়াল মাদ্রিদের

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১১:২৩ এএম

স্পেন লা লিগায় ঘরের মাঠে টানা দ্বিতীয় হারের তিক্ত স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। সোমবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ১–০ গোলে জয় তুলে নেয় গেতাফে। ম্যাচের একমাত্র গোলটি করেন মার্টিন সাত্রিয়ানো।

৩৯ মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ এক ভলিতে বল জালে জড়ান মার্টিন সাত্রিয়ানো। তার শট ঠেকানোর সুযোগই পাননি গোলরক্ষক থিবো কোর্তোয়া। গোলটির পাস জোগান মাউরো আরামবার্রি। গোল খাওয়ার পর ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালায় রিয়াল। প্রথমার্ধেই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ নষ্ট করেন ভিনিসিয়ুস জুনিয়র। একক প্রচেষ্টায় গোলরক্ষককে কাটিয়ে উঠতে পারেননি তিনি।

দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় স্বাগতিকেরা। আন্তোনিও রুদিগারের হেড অল্পের জন্য বাইরে যায়। বদলি নেমে রদ্রিগো গোলমুখে বল বাড়ালেও কাজে লাগাতে পারেননি সতীর্থরা। শেষ দিকে উত্তেজনা আরও বাড়ে। যোগ করা সময়ে রেফারির সঙ্গে অসদাচরণ করায় লাল কার্ড দেখেন ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। কিছুক্ষণ পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গেতাফের আদ্রিয়ান লিসো।

এই হারের ফলে ২৬ ম্যাচ শেষে বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে রইল। শিরোপা দৌড়ে এগিয়ে আছে বার্সেলোনা। চোটের কারণে দলে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যাম। আগামী ম্যাচে সেলতা ভিগোর মুখোমুখি হবে রিয়াল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত