শাদাবকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা: আফ্রিদি

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১১:২২ এএম

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পর দেশটির ক্রিকেটে শুরু হয়েছে নেতৃত্ব নিয়ে জোর আলোচনা। বর্তমান অধিনায়ক সালমান আলি আগাকে সরিয়ে শাদাব খানকে নেতৃত্বে আনার বিষয়ে আলোচনা চলছে। এমতাবস্থায় শাদাবকে নিয়ে কড়া মন্তব্য করলেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। 

এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, 'ওর সাম্প্রতিক পারফরম্যান্সের যে অবস্থা, তাতে আমি ওকে দলেই রাখতাম না, অধিনায়কত্ব তো অনেক দূরের বিষয়।'

পাকিস্তান দলে নেতৃত্বের অস্থিরতা নতুন নয়। গত এক বছরে টি–টোয়েন্টিতে একাধিক অধিনায়ক বদল হয়েছে। চলতি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া সালমান আলি আগাও প্রত্যাশা পূরণ করতে পারেননি। ব্যাট হাতে সাত ইনিংসে করেছেন মাত্র ৬০ রান। অন্যদিকে বিশ্বকাপে ৭ ম্যাচে ১১৮ রান ও ৫ উইকেট নেওয়া শাদাবের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। আফ্রিদির মতে, ধারাবাহিক সুযোগ পেলেও নিজেকে প্রমাণ করতে পারেননি এই অলরাউন্ডার।

নেতৃত্বের দৌড়ে শাদাবের পাশাপাশি পেসার শাহিন আফ্রিদির নামও আলোচনায় আছে। তবে আফ্রিদির পছন্দ ভিন্ন। আগ্রাসী মানসিকতার অধিনায়ক চান তিনি। তার মতে, ওপেনার ফখর জামানই হতে পারেন উপযুক্ত বিকল্প। আফ্রিদি বলেন, 'বর্তমান পরিস্থিতিতে আমি ফখর জামানকেই বেছে নেব। আমি আক্রমণাত্মক অধিনায়ক চাই।'

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের কাছে হার, সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষে পরাজয় এবং শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ম্যাচে সমীকরণ মেলাতে না পারায় বিদায় নিশ্চিত হয় পাকিস্তানের। এখন দেখার, পাকিস্তান ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত নেতৃত্বের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত