‘রক্তের বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১২:৪৭ পিএম

রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে এবং রক্তক্ষরণের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

মঙ্গলবার (৩ মার্চ) রাত আনুমানিক ১টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মতে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ৬ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার পর মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তীব্র প্রতিক্রিয়া জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি অভিযোগ করেন, শিবিরের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রাবাসে ঢুকে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে।

রাকিবুল ইসলাম তার স্ট্যাটাসে লেখেন, ছাত্রদলের রক্ত ঝরালে, রক্তের বদলা নেওয়া হবে। বিগত সাড়ে ১৫ বছর ছাত্রদলের রক্ত ঝরেছে... আর ছাড় দেওয়া হবে না। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই সন্ত্রাসীদের প্রতিহত করা হবে।

তিনি আরও অভিযোগ করেন, ছাত্রদলের কর্মীদের রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করে অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।

সংঘর্ষের পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে কি না বা কতজন গ্রেপ্তার হয়েছে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। ছাত্রদল সভাপতি এই হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত