গোপালগঞ্জে দোল পূর্ণিমা ও হোলি উৎসব উদযাপন

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০১:৩১ পিএম

সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা ও হোলি উৎসব যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জে উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে ভোর থেকেই জেলার বিভিন্ন মন্দিরে শুরু হয় পূজা-অর্চনা। শাস্ত্রীয় বিধান অনুসারে ভক্তরা প্রার্থনা, কীর্তন ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালন করেন। 

জেলা শহরের কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির, বটতলা পূজা মণ্ডপ, খাটরা সার্বজনীন কালীবাড়িসহ বিভিন্ন মন্দিরে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পূজা-অর্চনা শেষে শুরু হয় দোল উৎসবের আনন্দ আয়োজন। এ সময় নারী-পুরুষ, শিশু-কিশোর সবাই একে অপরের মুখে রঙিন আবির মেখে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।

উৎসব উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে বসে গ্রামীণ মেলা। মেলায় ছিল খেলনা, মিষ্টান্ন ও নানা ধরনের পসরা। ফলে ধর্মীয় উৎসবের পাশাপাশি গ্রামীণ জনপদেও বইতে থাকে উৎসবের আমেজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত