পিরোজপুরের নাজিরপুর উপজেলার রুহিতলাবুনিয়া গ্রামে অনলাইন জুয়া চক্রে জড়িত থাকার অভিযোগে এক সহকারী শিক্ষকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নাজিরপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২০(২), ২৪(২) ও ২৭(২) ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রুহিতলাবুনিয়া গ্রামের কবির শেখের ছেলে রাজিব শেখ (২৫) এবং একই গ্রামের মৃত সোবাহান মোল্লার ছেলে রেজাউল (৪০)। রেজাউল স্থানীয় পিরোজপুর নাইট স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা গেছে, অনলাইন জুয়া খেলে অর্জিত ছয় লাখ ৩১ হাজার টাকা ভাগাভাগি নিয়ে রাজিব ও রেজাউলের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি চরমে পৌঁছালে প্রশাসনের নজরে আসে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয় এবং নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ অনলাইন জুয়ার লেনদেনের সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
একজন শিক্ষক হয়ে অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছে, শিক্ষক সমাজের নৈতিক পথপ্রদর্শক; এমন ঘটনায় শিক্ষা সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জব্দকৃত মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে এ চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আরও গ্রেপ্তার করা হতে পারে।
এ বিষয়ে মো. হারুন-অর-রশীদ হাওলাদার, অফিসার ইনচার্জ, নাজিরপুর থানা বলেন, ‘আমরা গত রাতে দুজনকে গ্রেপ্তার করেছি। সাইবার মামলায় তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অবৈধ অনলাইন জুয়া নির্মূলে প্রশাসন তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি মহিলা জামায়াতের 