ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে খালে পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম আবু সাঈদ (৪০)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভাওলারহাট এলাকার কাচনা গ্রামের মো. মকিম উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ভাওলারহাট হেলিপ্যাডের নতুন ব্রিজ নির্মাণকাজের জন্য খনন করা খালে পড়ে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী তাৎক্ষণিক তাকে ২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবার ও স্বজন সূত্র জানায়, আবু সাঈদ ঠাকুরগাঁও শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে ভাওলারহাট এলাকায় নতুন ব্রিজের নির্মাণকাজের জন্য খাল খনন করা হয়েছে। অন্ধকারে খালের অস্তিত্ব টের না পেয়ে মোটরসাইকেলসহ তিনি খালে পড়ে যান।
সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, ঘটনাটি খালে পড়ে মৃত্যুর। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
