টুঙ্গিপাড়ায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৫:৪১ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মরিচ চাষে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। বুধবার (৪মার্চ) বেলা ২টায় উপজেলার কুশলি ইউনিয়নের দক্ষিণ বাশুরিয়া গ্রামে ২০২৫-২০২৬ অর্থবছরের মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভার আয়োজন করা হয়। টুঙ্গিপাড়া উপজেলা কৃষি অফিসের অর্থায়নে এ মরিচ চাষাবাদের প্রদর্শনী দেখে  স্থানীয় কৃষকদের মধ্যে আধুনিক চাষাবাদে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা কৃষি অফিস আয়োজিত এ মাঠ দিবসে উপজেলা কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) গোপালগঞ্জের উপ-পরিচালক ড. মো. মামুনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি অফিসের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) সঞ্জয় কুমার কুণ্ডু, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) আবুল বাশার মিয়া এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠুন সরকার।

অনুষ্ঠানে প্রদর্শনীভুক্ত একজন সফল কৃষক তাঁর অভিজ্ঞতা তুলে ধরে বলেন, উপজেলা কৃষি অফিসের সঠিক দিক নির্দেশনা ও উন্নত জাতের বীজ ব্যবহারের ফলে এবার মরিচের আশাতীত ফলন পেয়েছেন তিনি। এছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে রোগ-বালাই কম হয়েছে এবং উৎপাদন ব্যয়ও কমেছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মো. মামুনুর রহমান বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মসলাজাতীয় ফসলের উৎপাদন বাড়ানো জরুরি। আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের যথাযথ ব্যবহারের মাধ্যমে কৃষিকে আরো লাভজনক করা সম্ভব। টুঙ্গিপাড়ার এ সাফল্য জেলা জুড়ে ছড়িয়ে দিতে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।

মাঠ দিবসে সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ (এসএএও) এবং এলাকার বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির নানা দিক তুলে ধরেন এবং ভবিষ্যতে উন্নত জাতের মসলা চাষে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এর আগে অতিথিরা কৃষকদের নিয়ে মাঠে মরিচ চাষের প্রদর্শনী ঘুরে দেখেন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত