মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি

বাতিলের তালিকায় আরও ৩১ ফ্লাইট

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৭:৫০ এএম

মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে ৩১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

জানা গেছে, যুদ্ধের পাঁচ দিনে বাংলাদেশ থেকে বিভিন্ন এয়ারলাইনসের ১৭৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল হয়।

গতকাল বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ৫টি, কুয়েত এয়ারওয়েজ (কুয়েত) ২টি, জাজিরা এয়ারওয়েজ ২টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ৪টি ফ্লাইট রয়েছে। তাছাড়া শাহ আমনত বিমানবন্দর থেকে বাতিল হওয়া আন্তর্জাতিক অ্যারাইভাল ফ্লাইটগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি এবং এয়ার আরাবিয়ার তিনটি ফ্লাইট।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে গতকাল বুধবার পর্যন্ত ৪৬ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় গতকাল ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানের জরুরি বিজ্ঞপ্তি :  মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটসমূহের মধ্যে আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটসমূহ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই রুটসমূহে ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে। উল্লিখিত ছয়টি রুট বাদে বিমানের মধ্যপ্রাচ্যগামী অন্যান্য রুটের (জেদ্দা, মদিনা, রিয়াদ, মাস্কাট) ফ্লাইটসমূহ যথারীতি পরিচালিত হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাময়িকভাবে স্থগিত হওয়া এই রুটসমূহের যাত্রীগণ, যারা স্থগিত থাকাকালীন যাত্রার জন্য টিকিট সংগ্রহ করেছেন, তারা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট রিফান্ড করতে পারবেন অথবা বিনামূল্যে যাত্রার তারিখ পরিবর্তন করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত