প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে চেলসি। ম্যাচে হ্যাটট্রিক করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন ব্রাজিল তারকা জোয়াও পেদ্রো। বিপরীতে এক হালি গোল হজম করতে হয় ভিলার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিপার এমি মার্তিনেজকে। চেলসির হয়ে আরেকটি গোল করেন কোল পামার।
ঘরের মাঠ ভিলা পার্কে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয় মিনিটে লিওন বেইলির ক্রস থেকে কাছ থেকে বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন ডগলাস লুইজ। দুই বছরের বেশি সময় পর এটি ছিল তার প্রথম গোল। পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় চেলসি। ৩৫ মিনিটে মালো গুস্তোর পাস থেকে সহজ ট্যাপ-ইনে সমতা ফেরান জোয়াও পেদ্রো।
এরপর প্রথমার্ধের ইনজুরি টাইমে এনজো ফার্নান্দেজের দারুণ পাস থেকে আবারও গোল করে চেলসিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় চেলসি। ৫৫ মিনিটে জোয়াও পেদ্রোর পাস থেকে গোল করেন কোল পামার।
৬৪ মিনিটে আলেহান্দ্রো গারনাচোর পাস থেকে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন জোয়াও পেদ্রো। এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে চেলসি এবং চ্যাম্পিয়ন্স লিগে খেলার লড়াইয়ে নতুন গতি পেয়েছে দলটি। অন্যদিকে অ্যাস্টন ভিলা রয়েছে চতুর্থ স্থানে, তবে ব্যবধান এখন মাত্র তিন পয়েন্ট।
ম্যাচ শেষে জোয়াও পেদ্রোকেই সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৭।
ভারতের চেয়ে ইংল্যান্ডের স্পিন আক্রমণ ভালো: মাইকেল ভন
কিরণকে ধুয়ে দিলেন বাটলার