টি-টোয়েন্টি বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় আফগানিস্তান জাতীয় দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারকা লেগ-স্পিনার রশিদ খানকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন টপ-অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরান। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের দল ঘোষণার সময় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এই পরিবর্তনের কথা নিশ্চিত করে।
রশিদ খানের নেতৃত্বে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান গ্রুপ পর্বের বাধা টপকাতে ব্যর্থ হয়। ২০১৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হলো আফগানদের। বিশেষ করে নিউজিল্যান্ডের কাছে হার এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নাটকীয় 'ডাবল সুপার ওভারে' পরাজয় দলটিকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়। যদিও শেষ দিকে আরব আমিরাত ও কানাডাকে হারিয়ে সান্ত্বনার জয় পায় তারা, তবে তা সুপার এইটে ওঠার জন্য যথেষ্ট ছিল না।
রশিদ খান ২০১৯ সাল থেকে বিভিন্ন পর্যায়ে ৪৮ ম্যাচে আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে ২৬ ম্যাচ জিতেছে আফগানরা। হেরেছে ২২ ম্যাচ।
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য আলাদা দুটি দল ঘোষণা করেছে এসিবি। নেতৃত্বে পরিবর্তনের পাশাপাশি স্কোয়াডেও এসেছে বড় পরিবর্তন: বাদ পড়েছেন- বিশ্বকাপ দলে থাকা পেসার ফজল হক ফারুকি, অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইব ও মোহাম্মদ ইশাক কোনো ফরম্যাটেই জায়গা পাননি। টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন টপ-অর্ডার ব্যাটার নুর রাহমান, স্পিন অলরাউন্ডার শারাফউদ্দিন আশরাফ এবং পেসার ফারিদ আহমাদ। এছাড়া ওয়ানডেতে প্রথমবার ডাক পেয়েছেন পেসার জিয়া উর রাহমান শারিফি।
তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। শারজাহতে আগামী ১৩ মার্চ টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। দুবাইয়ে ওয়ানডে সিরিজ শুরু ২০ মার্চ।
আফগানিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড
ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, নুর রাহমান, সেদিকউল্লাহ আটাল, দারভিশ রাসুলি, শাহিদউল্লাহ কামাল, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নাবি, শারাফউদ্দিন আশরাফ, রাশিদ খান, নুর আহমাদ, মুজিব উর রহমান, জিয়া উর রহমান শারিফি, ফারিদ আহমাদ মালিক এবং আব্দুল্লাহ আহমাদজাই।
আফগানিস্তান ওয়ানডে দল
হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রেহমাত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আটাল, দারভিশ রাসুলি, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নাবি, রাশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, জিয়া উর রাহমান শারাফি, ফারিদ আহমাদ মালিক, বিলাল সামি।
টেবিল টেনিসের কিংবদন্তী জোবেরা লিনু পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার