৪৯৯ রান-উৎসবে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে ভারত

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০১:২৮ এএম

এক রুদ্ধশ্বাস সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল ভারত। ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুই দলের ব্যাটারদের দাপটে মোট ৪৯৯ রান সংগৃহীত হয়, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অন্যতম স্মরণীয় এক ম্যাচ হয়ে রইল।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ভারত ২৫৩ রানের বিশাল পাহাড় গড়ে। গত ম্যাচে ৯৭ রানের অপরাজিত ইনিংসের পর আজ আবারও জ্বলে ওঠেন সঞ্জু স্যামসন। ৪২ বলে ৮৯ রানের এক টর্নেডো ইনিংস খেলেন তিনি। জফরা আর্চারের শর্ট বলগুলোকে শাসন করে ভারতীয় ইনিংসকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান স্যামসন ও শিবম দুবে। ভারতের ইনিংসে ছিল ১৯ ছক্কা যা টি-টোয়েন্টিতে এক ইনিংসে যৌথ সর্বাধিক। এই বিশ্বকাপে ভারত মারলো ৮৮ ছক্কা, যা এক আসরে সবচেয়ে বেশি।

২৫৪ রানের অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড পাওয়ারপ্লে-তেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তবে তরুণ তুর্কি জ্যাকব বেথেল এক অতিমানবীয় ইনিংস খেলেন। মাত্র ৪৮ বলে ১০৫ রান করে তিনি ইংল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। উইল জ্যাকসের সাথে তাঁর ৭৭ রানের জুটি ভারতীয় বোলারদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল।

বেথেল চেস্টা করেছেন, পারেননি

ম্যাচের মোড় ঘুরে যায় ভারতের দুর্দান্ত ফিল্ডিংয়ে। যেখানে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক শুরুতেই স্যামসনের সহজ ক্যাচ মিস করেন, সেখানে ভারতের অক্ষর প্যাটেল বাউন্ডারি লাইনে দুটি অবিশ্বাস্য ক্যাচ নিয়ে ইংল্যান্ডের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ান। শেষ ৫ ওভারে ৫ ওভারে জয়ের জন্য ৬৮ রান দরকার ছিল ইংল্যান্ডের। কিন্ত বুমরাহ ও হার্দিকের দারুণ বোলিয়ে শেষ ওভারে সমীকরণ দাড়ায় ৩০ রান। সেন্চুরিয়ান বেথেল প্রথম বলেই রানআউট হয়ে গেলে তার আর  সম্ভব হয়নি।

টানা ১৩টি নকআউট ম্যাচে প্রথমে ব্যাট করা দলের হারের রেকর্ড ভেঙে দিয়ে ভারত ইতিহাস গড়ল। আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

 সংক্ষিপ্ত স্কোর

 

  • ভারত: ২৫৩/৭ (২০ ওভার) - সঞ্জু স্যামসন ৮৯, শিবম দুবে ৪৩; উইল জ্যাকস ২/৪০
  • ইংল্যান্ড: ২৪৬/৭ (২০ ওভার) - জ্যাকব বেথেল ১০৫, উইল জ্যাকস ৩৫; হার্দিক পান্ডিয়া ২/৩৮
  • ফলাফল: ভারত ৭ রানে জয়ী।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত