নারী এশিয়ান কাপ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার শক্তিমত্তার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ। শুক্রবার সিডনির কমব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে উত্তর কোরিয়া।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে শিরোপাপ্রত্যাশী উত্তর কোরিয়া। তবে প্রথমার্ধের শুরুতে দুবার বল জালে পাঠালেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তা নাকচ করে দেয়। গোলশূন্য প্রথমার্ধের আশা যখন জাগছিল, তখনই যোগ করা সময়ে খেই হারায় বাংলাদেশ।
বাংলাদেশের আফিদা খন্দকার ডি-বক্সে ফাউল করে হলুদ কার্ড দেখলে পেনাল্টি পায় উত্তর কোরিয়া। মিডফিল্ডার মিয়ং ইউ-ঝং ডান পায়ের নিখুঁত শটে গোল করে দলকে ১-০ তে এগিয়ে দেন। এটি টুর্নামেন্টে তার চতুর্থ গোল। এর ঠিক দুই মিনিট পর অর্থাৎ প্রথমার্ধের সপ্তম অতিরিক্ত মিনিটে কিম কিয়ং-ইয়ং গোল করলে ২-০ ব্যবধানে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও উত্তর কোরিয়ার আক্রমণাত্মক ফুটবলের সামনে বাংলাদেশের রক্ষণভাগ ছিল দিশেহারা। ম্যাচের ৬৬ মিনিটে চায়ে উন-ইয়ং খুব কাছ থেকে লক্ষ্যভেদ করে ব্যবধান ৩-০ করেন। এর মাত্র দুই মিনিট পরেই নিজের দ্বিতীয় গোলটি করেন কিম কিয়ং-ইয়ং। ম্যাচের একদম শেষ মূহুর্তে (৯০ মিনিটে) কিম হায়ে-ইয়ং বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিলে ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় উত্তর কোরিয়ার।
রক্ষণে কিছু চমক না দেখালে এবং মিলি আক্তার পোস্টের নিচে অতিমানবীয় কিছু সেইভ না করলে এই ব্যবধান আরও বড় হতে পারত। বিশেষ করে মিলি, চীনের বিপক্ষে আলো ছড়ানো এই গোলকিপার আজকেও অসাধারণ কিছু সেইভ করেছেন। তিনি ৫ গোল খেয়েছেন, বিপরীতে অন্তত ৫টি গোল সেইভও করেছেন। এ ছাড়া অসংখ্যবার উত্তর কোরিয়ার আক্রমণের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে দলকে বাঁচিয়েছেন তিনি।
আজ মাঝমাঠ ও আক্রমণভাগে বাংলাদেশের কোনো অবস্থানই ছিল না। ঠিকঠাকভাবে বলের নিয়ন্ত্রণই নিতে পারেননি ঋতুপর্ণা-মারিয়ারা। ম্যাচে উত্তর কোরিয়ার দখলে বল ছিল ৬৫.৩ শতাংশ, আর বাংলাদেশের দখলে বল ছিল ৩৪.৭ শতাংশ। এমনকি পুরো ৯০ মিনিট ধরে শট নেওয়া দূরে থাক, বলার মতো কোনো আক্রমণেই যেতে পারেনি বাংলাদেশের মেয়েরা। যার ফলে রক্ষণের ওপর চাপ বেড়েছে এবং একের পর এক গোলও হজম করতে হয়েছে। এই ম্যাচে উত্তর কোরিয়া শট নিয়েছে ৩১টি, যার মধ্যে ১১টিই ছিল লক্ষ্যে।
পার্থে আগামী ৯ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
'ক্রিশ্চিয়ানো দুর্দান্ত, আপনিও দুর্দান্ত', মেসিকে ডোনাল্ড ট্রাম্প