মুন্সীগঞ্জে রেলপথের রেলিং কাটার সময় গ্রেপ্তার ৩

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৪:১৮ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া রেলপথের লোহার রেলিং কেটে চুরির সময় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লোহার রড বোঝাই একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

শুক্রবার (৬ মার্চ) সকালে জেলার সিরাজদীখান উপজেলার বালুরচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, পটুয়াখালীর বাউফল উপজেলার বটকাজল গ্রামের অহিদুল ইসলাম (২৮), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কইলাটি গ্রামের মো. সোহাগ (২৩) এবং সিরাজদীখান উপজেলার চরপানিয়া গ্রামের আফজাল হোসেন (৩৭)। তাদের মধ্যে অহিদুল ও সোহাগ ঢাকার জুরাইনের বালুর মাঠ এলাকায় বসবাস করেন। আফজাল জব্দ করা পিকআপ ভ্যানটির মালিক।

সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে চরপানিয়া গ্রামের ঢাকা-মাওয়া রেলপথের পাশের লোহার রেলিং কেটে একটি চোরচক্র পিকআপ ভ্যানে তুলছিল। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করেন।

পরে স্থানীয়রা তিনজনকে আটক করতে সক্ষম হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় বিপুল পরিমাণ চোরাই লোহার রডভর্তি একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

ওসি আরও জানান, জব্দ করা মালামালসহ গ্রেপ্তার তিনজনকে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত