রাজধানীতে কাঁচের টুকরোর আঘাতে ময়জুল ওরফে কালু (১৬) নামে এক পথশিশু নিহত হয়েছে। রাজধানীর কারওয়ান বাজার সোনারগাঁ ক্রসিং এলাকায় আরেক পথশিশুর কাঁচের টুকরোর আঘাতে ওই শিশু নিহত হয়। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তেজগাঁও সোনারগাঁ হোটেল ক্রসিংয়ের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।
তাকে হাসপাতালে নিয়ে আসা আলআমিন নামে আরেক পথশিশু জানায়, তারা সবাই কারওয়ান বাজার এলাকায় এক সাথে থাকে। ওই এলাকায় ভাঙারী টুকিয়ে বিক্রি করে। রাতে ক্রসিংয়ে আরেক পথশিশু হামিদুলের সাথে ড্যান্ডি খাওয়া নিয়ে মারামারি হয় ময়জুলের। এক পর্যায়ে হামিদুল তার কাছে থাকা কাঁচের টুকরো দিয়ে কালুর মাথায়, ঘারে আঘাত করে। দেখতে পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানায়। এরপর সেখানে থাকা লোকজন হামিদুলকে ধরে পুলিশের কাছে সোর্পদ করে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই পথশিশুর মাথায় ও ঘারে আঘাত রয়েছে। ঘটনাটি তেজগাঁও থানা পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।
