আসামে সুখোই বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১২:১৭ এএম

আসামের কার্বি আংলং এলাকায় একটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। গতকাল শুক্রবার ভারতীয় বিমানবাহিনী নিশ্চিত করেছে, আসাম রাজ্যে সুখোই এসইউ-৩০ এমকেআই বিমান দুর্ঘটনায় বিমানবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর। দেশটির বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়ার নির্মিত যুদ্ধবিমানটি জোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। তবে কী কারণে এ দুর্ঘটনা, তা এখনো স্পষ্ট করেনি ভারতীয় বিমানবাহিনী। ভারতীয় বিমানবাহিনী বলেছে, যুদ্ধবিমানটি প্রশিক্ষণ মিশনে ছিল।

২০১৭ সালেও আসামের তেজপুর বিমানঘাঁটি থেকে ওড়ার পর অরুণাচল প্রদেশের জঙ্গলে ভেঙে পড়েছিল আরেকটি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান। ওই দুর্ঘটনায় যুদ্ধবিমানে থাকা এক স্কোয়াড্রন লিডার ও এক ফ্লাইট লেফটেন্যান্টের মৃত্যু হয়েছিল। এসইউ-৩০ এমকেআই হচ্ছে দুই আসনবিশিষ্ট দূরপাল্লার যুদ্ধবিমান। এটি রাশিয়ার বিমান প্রস্তুতকারক সংস্থা সুখোই তৈরি করেছে। বর্তমানে ভারতের সরকারি মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (এইচএএল) ভারতীয় বিমানবাহিনীর জন্য বিমানটি তৈরি করছে। এ যুদ্ধবিমান সর্বপ্রথম ১৯৯৭ সালে ভারতীয় বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। দুর্ঘটনায় পাইলটদের মৃত্যুতে ভারতীয় বিমানবাহিনী গভীর শোক প্রকাশ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত