মেসি প্রতিবেশী হতেই ব্যবসায়ীর বাড়ির দাম বাড়ল ২৫ মিলিয়ন

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১১:৩৪ এএম

বিশ্ব ফুটবলের মহাতারকা যেখানে যান, সেখানেই তৈরি হয় নতুন আলোড়ন। এবার তার প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের আবাসন বাজারেও। শুধু পাশের বাড়িতে মেসি উঠে আসায় এক ব্যবসায়ীর বাড়ির মূল্য বেড়েছে প্রায় ২৫ মিলিয়ন ডলার।

২০২৩ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেলের বিলাসবহুল বে কলোনি এলাকায় বসবাস শুরু করেন তারকা মেসি। এরপর থেকেই এলাকাটির সম্পত্তির দাম দ্রুত বাড়তে শুরু করে। এর সবচেয়ে বড় সুবিধাভোগীদের একজন উদ্যোক্তা ও পডকাস্টার। তিনি ২০২১ সালে প্রায় ২০ মিলিয়ন ডলার দিয়ে সমুদ্রতীরবর্তী একটি প্রাসাদ কিনেছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বেট-ডেভিড জানান, মেসি তার বাড়ির পাশের প্রাসাদে ওঠার পর থেকেই তার বাড়ির মূল্য হঠাৎ করে বেড়ে যায়। এখন পর্যন্ত তিনি প্রায় ২৫ মিলিয়ন ডলারের সম্পদমূল্য বৃদ্ধি পেয়েছেন বলে দাবি করেন। তার ভাষায়, ‘আমি যে বাড়ির মালিক, তাতে ইতিমধ্যে প্রায় ২৫ মিলিয়ন ডলারের ইকুইটি বেড়েছে। কারণ মেসি আমার বাড়ির ঠিক পাশেই এসে উঠেছেন। এখন সবাই আমাদের এলাকায় থাকতে চায়।’

দক্ষিণ ফ্লোরিডার রিয়েল এস্টেট বিশেষজ্ঞরাও বলছেন, এটি সত্যিকারের ‘মেসি এফেক্ট’। স্থানীয় সম্পত্তি বিশেষজ্ঞ বলেন, মেসি ওই এলাকায় ওঠার পরই বাজারে বড় ধরনের পরিবর্তন আসে। তার মতে, ‘এক কথায় খেলা শেষ। প্যাট্রিকের বাড়ির মূল্য সঙ্গে সঙ্গেই প্রায় ৪৫ মিলিয়ন ডলারে পৌঁছে গেছে। বিশ্বকাপজয়ী একজন তারকা আপনার পাশের বাড়িতে থাকলেই এমনটা হতে পারে।’

স্থানীয়দের কেউ কেউ এখন এই এলাকাকে মজা করে বলছেন ‘বিশ্বের সবচেয়ে দামি ফ্যান গ্যালারি’। কারণ অনেকেই এখন শুধু এই আশায় সেখানে বাড়ি কিনতে চান যে হয়তো একদিন সকালে হাঁটতে বের হয়ে মেসির সঙ্গে দেখা হয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত