সালাহ–রবার্টসনের নৈপুণ্যে এফএ কাপের শেষ আটে লিভারপুল

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১১:৩২ এএম

ইংল্যান্ডের এফএ কাপে দুর্দান্ত ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে লিভারপুল। শুক্রবার রাতে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৩–১ গোলে হারিয়েছে তারা। ম্যাচে বড় ভূমিকা রাখেন লিভারপুলের স্কটিশ ডিফেন্ডার অ্যান্ডি রবার্টসন। দ্বিতীয়ার্ধের শুরুতেই বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

এর মাত্র দুই মিনিট পর তার ক্রস থেকেই গোল করেন মিশরীয় তারকা মোহামেদ সালাহ। রবার্টসনের দারুণ ক্রস পেয়ে শক্তিশালী শটে বল জালে পাঠান সালাহ। ম্যাচের ৭৪ মিনিটে ব্যবধান আরও বাড়ান মিডফিল্ডার কার্টিস জোনস। ফলে ম্যাচ প্রায় নিশ্চিত হয়ে যায় লিভারপুলের।যো গ করা সময়ে উলভসের হয়ে একটি সান্ত্বনাসূচক গোল করেন হোয়াং হি-চান।

উল্লেখ্য, কয়েক দিন আগেই প্রিমিয়ার লিগে উলভসের কাছে ২–১ গোলে হেরেছিল লিভারপুল। সেই হতাশার জবাবই যেন এফএ কাপে দিল দলটি। লিভারপুলের ডিফেন্ডার রবার্টসন বলেন, ‘মঙ্গলবার আমরা নিজেদের হতাশ করেছিলাম। তাই এই ম্যাচে ঘুরে দাঁড়ানো খুব দরকার ছিল। এফএ কাপে ভুলের সুযোগ নেই।’

আগামী এপ্রিলের প্রথম সপ্তাহান্তে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত