চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় এক যুবক পুকুরে মাছ ধরতে নেমেই চিৎকার করে এবং পরক্ষণেই তার মৃত্যু হয়েছে। স্বজন ও চিকিৎসকদের ধারণা, পানিতে থাকা বিষাক্ত সাপের কামড়েই ওই যুবকের মৃত্যু হয়।
শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার কড়াইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. সবুজ মিয়া (২৮) ওই গ্রামের মৃত আ. সোবহানের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, ভোরে বাড়ির পুকুরে মাছ ধরতে নামেন সবুজ মিয়া। একপর্যায়ে পুকুর থেকে চিৎকার দিয়ে তীরে ফিরে আসেন এবং কিছুক্ষণ পরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
অচেতন অবস্থায় তাকে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা কোনো কিছু নির্ণয় করতে না পারায় তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়।
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত পুলিশ কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, সকালে সবুজ মিয়াকে তার স্বজনরা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। এ সময় আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকরা জানান, বিষাক্ত সাপের কামড়েই এমন মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
