প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় মনোয়ারা বেগম নামে এক নারীকে গুলি করার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক কারবারীদের বিরুদ্ধে। উপজেলার এমসি বাজার এলাকার বেপারীপাড়ায় শুক্রবার (৬ মার্চ) এ ঘটনা ঘটে।
আহত মনোয়ারা বেগম ময়মনসিংহের হালুয়াঘাটের গোবরাকুড়া গ্রামের কৃষক জয়নাল হাজারীর স্ত্রী। এই কৃষক দম্পতি দীর্ঘদিন ধরে শ্রীপুরের এমসি বাজার এলাকায় ভাড়া থেকে পরিত্যক্ত একটি কারখানার দেখাশোনা করে আসছেন।
স্থানীয়রা জানায়, পরিত্যক্ত ওই কারখানার আশেপাশে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসত। ঘটনার দিন সন্ধ্যায় মাদক কারবারী সেখানে মাদক সেবন করছিল। মনোয়ারা বেগম তাদের সেখানে মাদক সেবন করতে নিষেধ করেন এবং ওই স্থান থেকে চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক কারবারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দে তারা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যান। পরে আহত মনোয়ারা বেগমকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষযে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
