ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় বিভাগটির দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পৃথক অফিস আদেশে তাদের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
বরখাস্তকৃতরা হলেন- সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান এবং উম্মূল মু'মিনীন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, গত ৪ মার্চ সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডে ফৌজদারি কার্যবিধির ধারা ১৫৪ অনুসারে থানায় প্রাপ্ত আমলযোগ্য অপরাধের প্রাথমিক তথ্যে তাদের নাম থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের চাকরি শৃঙ্খলা বিধির ১৫(খ) ধারা অনুযায়ী তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকালীন তারা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জীবনধারণ ভাতা পাবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, হত্যা মামলায় নাম থাকায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিহত হন। এ ঘটনায় থানায় মামলা করা হলে প্রাথমিক তথ্যের ভিত্তিতে আসামিদের নাম পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই তিনজনকে সাময়িক বরখাস্ত করে।
