রাজধানীর চানখাঁরপুল মোড়ে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীসহ দুইজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
শনিবার (৭ মার্চ) দুপুরে তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাউন্ড বক্সটিও জব্দ করে পুলিশ।
আটক শিক্ষার্থী আসিফ আহমেদ। তিনি ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহিদুল্লাহ হলের আবাসিক ছাত্র। তার সঙ্গে সাউন্ড বক্স পরিচালনার দায়িত্বে থাকা আরেকজন অপারেটরকেও আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, চানখাঁরপুল মোড়ে সাউন্ড বক্সে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছিল। এসময় কয়েকজন পুলিশ সদস্য সেখানে এসে উপস্থিত হলে তাদের সঙ্গে শিক্ষার্থীর কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে সাউন্ড সিস্টেমটি জব্দ করেন এবং সংশ্লিষ্ট দুইজনকে আটক করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, তারা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজাচ্ছিল। এইটা তো নিষিদ্ধ। এজন্য অভিযোগের প্রেক্ষিতে তাদের আটক করা হয়।
