রাজশাহীর মোহনপুরে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ থামাতে গিয়ে আলাউদ্দিন নামে একজনের মৃত্যু হয়েছেন। শনিবার (৭মার্চ) সন্ধ্যার পর মোহনপুর উপজেলার সাকোঁয়া গ্রামের এই ঘটনায় ঘটে। মৃত মো. আলাউদ্দিন (৬৫) সাকোঁয়া গ্রামের মৃত মালা বক্সের ছেলে। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, ঈদগাহে কোন ইমাম নামাজ পড়াবেন সেটা ঠিক করাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত কর্মী সমর্থকদের মধ্যে হট্টগোল বাঁধে। এসময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হলে ঘটনাস্থলে আলাউদ্দিন নামে ওই ব্যক্তি উপস্থিত হোন। সেখানে তার দুই ছেলেও উপস্থিত ছিলেন। তিনি তার ছেলেদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এমন সময় তিনি স্ট্রোক করে মারা যান। এ ঘটনার পর দু পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বিক্ষুব্ধ নেতা কর্মীরা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, রাজশাহীর মোহনপুরে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি-জামায়াতের দুই গ্রুপের হাতাহাতির ঘটনায় ঘটে। এতে মো. আলাউদ্দিন হাতাহাতি থামাতে গিয়ে ঘটনাস্থালের ১০ হাত দুরেই মারা যান। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন।
পুলিশ জানায়, আলাউদ্দিনের ছেলেরা জামায়াতের কর্মী। তবে, আলাউদ্দিন কোন রাজনৈতিক দলের সাথে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে এ ঘটনায় পর থেকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহী-নওগাঁ সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। রাত সাড়ে ১০ টায় দিকে এই রিপোর্ট লেখার সময় জামায়াত কর্মীরা রাজশাহী-নওগাঁ সড়ক অবরোধ করে রাখেন।
