বিগত ১৭ বছর সংসদ নিয়ে মানুষের মাঝে যেসব নেতিবাচকতা সৃষ্টি হয়েছে তা মানুষের মন থেকে মুছে দিতে চায় বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে প্রাণবন্ত করার পাশাপাশি গতিশীল ও কার্যকর সংসদ উপহার দিতে চায় সরকার। গতকাল শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় ও শেষ দিনের কর্মশালা শেষে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
এর আগে সকালে ঢাকা জেলাসহ তিন বিভাগের সংসদ সদস্যদের নিয়ে দ্বিতীয় দিনের মতো প্রশিক্ষণ কর্মশালা করে বিএনপি। কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মশালা শেষে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আশা করি আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে। এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতে সংসদে যেসব নেতিবাচকতা সৃষ্টি হয়েছে, সেগুলো মানুষের মন থেকে আমরা মুছে দেব।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কর্মশালায় সংসদের রুলস অব প্রসিডিউর, পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড কনফ্লিক্ট অব ইন্টারেস্টসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া সংসদের রীতিনীতি, রেওয়াজ ও পদ্ধতি নিয়েও কথা হয়েছে, যাতে সংসদ সদস্যরা এসব বিষয়ে ভালোভাবে অবগত হতে পারেন। বিশেষ করে সংবিধান, রুলস অব প্রসিডিউর এবং কাস্টমস কনভেনশন অব দ্য হাউস নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি যেসব দেশে শক্তিশালী গণতন্ত্রের চর্চা রয়েছে, সেসব দেশের সংসদীয় কার্যক্রম নিয়ে কথা হয়েছে।
নতুন সংসদ সদস্যদের নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা নতুন সংসদ সদস্য, তারা নতুন করে যাত্রা শুরু করবেন, শিখবেন ভালো। তাদের ভেতরে কোনো খারাপ সংস্কৃতি না থাকলে ভালো শিক্ষাটা পাবেন। একটা বাচ্চা যেমন জন্মগ্রহণের পর সতেজ সংস্কৃতি শিখে, ঠিক সেইভাবে নবীন সংসদ সদস্যদেরও প্রস্তুত করার চেষ্টা করছি। নতুন সংসদ সদস্যদের জনপ্রত্যাশা পূরণে কাজ করার লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।’
সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের এবং বিকেলে সমাপনী পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের সংসদ সদস্যরা অংশ নেন।
কর্মশালায় জ্যেষ্ঠ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, ওসমান ফারুক প্রমুখ।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘দলের নতুন সংসদ সদস্যদের তাদের কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হচ্ছে। সরকারি দল হিসেবে সংসদকে জীবিত রাখার জন্য একটি কার্যকরী সংসদ গঠনের জন্য কাজ চলছে। জাতীয় পর্যায়ে কাজ করবেন নতুন সংসদ সদস্যরা, তাদের কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হচ্ছে। ’
গত শুক্রবার দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্য অংশ নেন।
কর্মশালায় অংশ নেওয়া একজন সংসদ সদস্য বলেন, ‘দলীয় সংসদ সদস্যরা সংসদের বিধি-বিধান, কার্যপ্রণালি বিধিসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতেই মূলত এই কর্মশালার আয়োজন করা হয়েছে।’
আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে বেলা ১১টায়। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জন নতুন সংসদ সদস্য।
