নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে এক অজ্ঞাত যুবককের মৃত্যু হয়েছেন। তার বয়স অনুমানিক ২৬ বছর। এ সময় ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় স্থানীয় জনতা।
রবিবার (৮ মার্চ) সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে করে এসে এক পথচারীকে আটকিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেয়। এতে দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও একজন জনতার হাতে ধরা পড়ে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তারা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ওই ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
