পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন,পরিবেশ খাতে আগে লুটপাট যাই হয়েছে, ভবিষ্যতে আর হবে না। তবে আগের লুটপাটের জন্য কাউকে না কাউকে দায়ী করা হবে।
রবিবার (৮ মার্চ) ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের ঢাকা উল্লেখ করে মন্ত্রী বলেন, যেভাবেই হোক আমাদের জনগণের জীবনমান উন্নয়নের জন্য পরিবেশের উন্নয়ন করতে হবে। আগের কাউকে দোষ দিয়ে লাভ নেই। দূষণ কমানো আমাদের জাতিগত দায়িত্ব।
তিনি বলেন, মাটি পোড়ানো ইটের জায়গা পরিবেশবান্ধব ইটে রূপান্তর করা এক-দুই বছরে সম্ভব না, এটা সময়সাপেক্ষের ব্যাপার। তবে পরিবেশবান্ধব ব্লক ইটে যেতেই হবে।
আবদুল আউয়াল মিন্টু বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দেশের জনগণ যে পরিণতির শিকার তাদেরকে সেই পরিণতি থেকে কিছু লাঘব করাই হবে পরিবেশ মন্ত্রণালয়ের কাজ।
জলবায়ু পরিবর্তন বিষয়ে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে যে পরিনতি গুলি শিকার হতে হয় তা থেকে আমরা আরেকটু উন্নত করার জন্য যে বনায়ন করা দরকার সেটাই আমরা মেইনলি করবো। এছাড়া জলবায়ু পরিবর্তনে জড়িত এ যেমন নদী ভাঙন। এরপর ফলিউশনের (নিউক্লিয়ার ফিউশন হলো পারমাণবিক বিক্রিয়া) ব্যাপারটা আছে। এগুলো কিন্তু জলবায়ুর সঙ্গে জড়িত। আমাদের প্রায়ারটি হবে, জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দেশের জনগণ যে পরিণতির শিকার তাদেরকে সেই পরিণতি থেকে কিছু লাঘব করা।
মন্ত্রী হওয়ার পর নিজ জেলা ফেনী ও সংসদীয় আসনে এটিই আবদুল আউয়াল মিন্টু প্রথম সরকারি সফর।
এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মুনিরা হক, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নবী নেওয়াজ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোবাশ্বের হোসেন মো. রাজিব, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক প্রমুখ।
