গোপালগঞ্জের কোটালীপাড়ায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ শেখ নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই মোটর সাইকেল আরোহী আহত হয়েছে।
রবিবার (৮ মার্চ) দুপুরে কোটালীপাড়ার নাগরা-বান্ধাবাড়ী সড়কের কেরাণীর পোল এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
নিহত রিয়াজ শেখ (২০) বরিশাল জেলার অগৈলঝরা উপজেলার পয়সারহাট এলাকার মাহাবুব শেখের ছেলে ও আগৈলঝরা উপজেলার বাগধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয়দের বরাতে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, দুপুরে নাগরা এলাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার সময় কেরাণীরপোল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলের রিয়াজ শেখ নিহত ও অপর দুইজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে কোটালীপাড়া হাসপাতালে পাঠায়।
