আকুর বিল পরিশোধে কমল রিজার্ভ

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৮:৪১ পিএম

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার কমে ৩৪ দশমিক ১০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

রবিবার (৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ের জন্য আকুভুক্ত দেশগুলোর আমদানি বিল বাবদ ১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার পরিশোধের পর এই রিজার্ভ কমেছে।

এর আগে গত ৫ মার্চ শেষে দেশের মোট রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩০ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। আকুর বিল পরিশোধের পর এই হিসাব অনুযায়ী রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংক জানায়, গত নভেম্বর-ডিসেম্বর সময়ের আকুর বিল ছিল ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। সেপ্টেম্বর-অক্টোবরে ১ দশমিক ৬১ বিলিয়ন ডলার এবং তার আগের দুই মাসে ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার বিল পরিশোধ করা হয়েছিল।

উল্লেখ্য, আকু এশিয়ার কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাবদ দুই মাস পরপর বিল পরিশোধ করা হয়। আকুর সদস্যভুক্ত দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত