রাজধানীর জনসন রোডে অবস্থিত স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট (স্টার কাবাব)-এ ইফতারের সময় ক্রেতার গায়ে চেয়ার নিক্ষেপের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। ঘটনার জন্য তারা লজ্জিত ও মর্মাহত বলে জানিয়েছে।
রবিবার (৮ মার্চ) রাতে এক বিবৃতিতে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, স্টারের প্রতিটি কাস্টমার তাদের কাছে অত্যন্ত প্রিয় ও সম্মানের। দীর্ঘদিন ধরে গ্রাহকদের ভালোবাসা ও আস্থার ওপরই তাদের পথচলা। তাই এমন একটি ঘটনা তাদের জন্য অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক।
বিবৃতিতে বলা হয়, কিছু ক্রেতা ও রেস্তোরাঁর কর্মীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার সূত্রপাত হয়। তবে এ ধরনের আচরণের প্রতি মালিকপক্ষের কোনো সমর্থন নেই বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি সামাল দিতে কর্মীদের আরও ধৈর্য ও সংযম দেখানো উচিত ছিল বলে স্বীকার করেছে কর্তৃপক্ষ।
ঘটনায় আহত ক্রেতার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছে প্রতিষ্ঠানটি এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছে। পাশাপাশি ভুক্তভোগীর তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানানো হয়েছে। এ ঘটনায় জড়িত কর্মচারীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে স্টার কাবাব।
এদিকে ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় পুলিশ কোনো আইনি প্রক্রিয়া শুরু করেনি। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, ইফতারের সময় খেজুরের দাম নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। তিনি বলেন, দুই পক্ষ নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে ফেলেছে বলে জানা গেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শনিবার (৭ মার্চ) ইফতারের সময় স্টার কাবাব রেস্তোরাঁয় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে ক্রেতাদের ওপর হামলার অভিযোগ ওঠে রেস্তোরাঁটির কর্মীদের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজন কর্মীকে চেয়ার ও বোতল দিয়ে ক্রেতাদের মারধর করতে দেখা যায়। এতে একাধিক ক্রেতা আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেজুরের দাম নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রেস্তোরাঁর কর্মীরা ক্রেতাদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন।
