শেকৃবিতে ভূমিকম্প-অগ্নিকাণ্ড সচেতনতা বৃদ্ধিকল্পে মহড়া অনুষ্ঠিত

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৪:০১ পিএম

‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধিকল্পে এক মহড়ার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিশেষ সচেতনতামূলক মহড়ার পাশাপাশি এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ হিসেবে পরিচিত। বিশেষ করে রাজধানী ঢাকা বর্তমানে ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। গত এক মাসেই দেশে প্রায় ১০ বার মৃদু ও মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। এই বাস্তবতায় দুর্যোগের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে পূর্বপ্রস্তুতি ও জনসচেতনতার কোনো বিকল্প নেই।

তিনি জানান, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস ও বিভিন্ন উন্নয়ন সংস্থার সমন্বয়ে দেশে এক লাখ চৌকস স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হচ্ছে, যারা যেকোনো দুর্যোগে প্রথম সাড়াদানকারী হিসেবে জানমাল রক্ষায় কাজ করবে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, ঢাকা-১২ আসনের এমপি মো. সাইফুল আলম খান মিলন। 

আলোচনা সভার আগে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দল ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের পরবর্তী উদ্ধার অভিযানের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করে। মহড়ায় আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, বহুতল ভবন থেকে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার এবং জরুরি প্রাথমিক চিকিৎসার পদ্ধতি হাতে-কলমে দেখানো হয়। এতে বিশ্ববিদ্যালয়টির রোভার স্কাউট গ্রুপের সদস্যরা অংশ নেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক।এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী ও উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত