অনেক আশা নিয়ে পার্থের র্যাকটেঙ্গুলার স্টেডিয়ামে ওমেন্স এশিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। র্যাংকিংয়ে ৬২ ধাপ এগিয়ে থাকা উজবেকিস্তানকে হারালে খুলে যেতো নানা সম্ভাবনার দুয়ার। তবে অভিষেকেই চমকে দেওয়ার মতো তেমন কিছু করতে পারেনি পিটার বাটলারের দল। উল্টো তাদের বাস্তবতা বুঝিয়ে ম্যাচটা উজবেকিস্তান জিতেছে ৪-০ ব্যবধানে। তাতে তৃতীয় সেরা দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পা রাখার সুযোগ তৈরী হয়েছে মধ্য এশিয়ার দলটির সামনে।
দশম মিনিটে পিছিয়ে পড়া বাংলাদেশ প্রথমার্ধের শেষ দিকে উজবেকদের ওপর চাপ প্রয়োগ করেও গোল আদায় করতে পারেনি। দ্বিতীয়ার্ধে শুরুটা একইভাবে করলেও অলআউট খেলতে গিয়ে আরও তিন গোল হজম করতে হয় তাদের। ফলে গ্রুপের তিন ম্যাচে হেরে শূণ্য হাতে দেশে ফিরতে হবে বাংলাদেশকে। কোয়ার্টার ফাইনাল, ২০২৭ ফিফা ওমেন্স বিশ্বকাপ এবং ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিক গেমসে খেলার সুযোগগুলোও তাতে হাতছাড়া হয়েছে।
উত্তর কোরিয়ার বিপক্ষে কোণঠাসা হয়ে থাকা বাংলাদেশ আজ তুলনামূলক ইতিবাচক ফুটবল খেলেছে। পাশাপাশি গোলের বেশ কিছু সুযোগও তৈরি করেছে তারা। শেষ পর্যন্ত অবশ্য গোলের দেখা পায়নি বাংলাদেশ। উজবেকিস্তানের হয়ে জোড়া গোল করেছেন দিলদোরা নোজিমোভা। অন্য গোল দুটি করেছেন দিয়োরাখোন খাবিবুল্লায়েভা ও নিলুফার কুদ্রাতোভা।
চীনের বিপক্ষে ম্যাচের মতো এই ম্যাচেও ঋতুপর্ণা চাকমার বক্সের বাইরে থেকে শট নিয়ে চমক দেখিয়েছেন। কিন্তু তাঁর সেই শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন উজবেকর গোলরক্ষক।
অন্যদিকে দুই ম্যাচের মতো এই ম্যাচে কয়েকটি গোল বাঁচিয়েছেন বাংলাদেশ গোলরক্ষক মিলি আক্তার। যদিও তাতে শেষ রক্ষা হয়নি। নৈপুণ্য দেখালেও তিন ম্যাচে মিলি গোল হজম করেছেন ১১টি।
ম্যাচের ১০ মিনিটে গোল পিছিয়েও পড়ে বাংলাদেশ। তবে এরপরও দ্বিতীয় গোলের জন্য উজবেকদের বাংলাদেশ অপেক্ষায় রাখে ৬২ মিনিট পর্যন্ত। কিন্তু দ্বিতীয় গোলের পরই যেন ভেঙে পড়ে বাংলাদেশ দল। ৬২ থেকে ৯০ মিনিটের মধ্যে সব মিলিয়ে তিন গোল হজম করে পিটার বাটলারের দল।
বাংলাদেশ আজ তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছিল
গোলরক্ষক : মিলি আক্তার।
রক্ষণভাগ: শিউলি আজিম (হালিমু আখতার), শামসুন্নাহার (সিনিয়র), আফঈদা খন্দকার ও কোহাতি কিসকু।
মাঝমাঠ: মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, উমেলাহ মারমা ও আনিকা রানিয়া (সুরভী আখতার প্রীতি)
ফরোয়ার্ড: তহুরা খাতুন (শামসুন্নাহার জুনিয়র)
ভারত ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে: শোয়েব আখতার