পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, আটক ৩

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৯:০৪ এএম

নারায়ণগঞ্জে পুলিশের ছিনতাই হওয়া সরকারি পিস্তল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে বন্দর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে ছিনতাই হওয়া পিস্তল, দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওই রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশ।

আটকরা হলেন শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকার মো. মিশাল, ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকার ফরহাদ আহম্মদ ও হাসান।

পুলিশ জানায়, সোমবার রাতে বন্দর উপজেলার সোনাকান্দা বেপারীপাড়া এলাকা থেকে প্রথমে মিশালকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে রাতে ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকা থেকে ফরহাদ ও হাসানকে আটক করা হয়। তাদের প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী রাতেই বন্দর ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, ম্যাগাজিন ও গুলিগুলো উদ্ধার করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, এএসআই লুৎফর রহমানের ওপর হামলার পর জড়িতদের গ্রেপ্তারে জেলা পুলিশ, থানা পুলিশ ও পুলিশ বিভাগের গোয়েন্দা শাখা (ডিবি)সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা অভিযানে নামে। স্বল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলের সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করে নানাভাবে পর্যবেক্ষণ করে অস্ত্র ছিনতাইকারিদের দ্রুত শনাক্ত করে আটক করা হয় এবং ছিনিয়ে নেওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়।

গত ৯ মার্চ ভোর ৬টায় শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান ইউনিফর্ম পরিহিত অবস্থায় মোটরসাইকেলে টহল দিচ্ছিলেন। শহরের নিতাইগঞ্জ এলাকায় একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তার পথরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করলে তিনি আত্মরক্ষা করেন। একপর্যায়ে দুর্বৃত্তরা তার সরকারি পিস্তলটি গুলিসহ ছিনতাই করে পালিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত