ট্রাম্পের আলোচনায় না ইরানের, ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৪:৩৬ পিএম

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস হয়নি। বরং তারা আগের চেয়ে বেশি সংখ্যায় এবং এক টনেরও বেশি ওজনের ওয়ারহেডসহ ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে। এই ঘোষণা মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার থামানোর চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র ২০ গুণ কঠোরভাবে হামলা চালাবে। যদিও এর কয়েক ঘণ্টা আগে তিনি বলেছিলেন, যুদ্ধটি খুব শিগগিরই শেষ হতে পারে। ট্রাম্পের এই পরস্পরবিরোধী বক্তব্য আন্তর্জাতিক মহলে নানা আলোচনার জন্ম দিয়েছে।

এর মধ্যেই ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা অব্যাহত রেখেছে। বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে এসব হামলার খবর পাওয়া গেছে। বাহরাইনের রাজধানী মানামায় একজন নিহত হয়েছে। অন্যদিকে, মধ্য ইসরায়েলে হামলায় আরও দুইজন নিহত হয়েছে বলে জানা গেছে।

আল-জাজিরা সূত্রে খবর, ইরানের রাজধানী তেহরানে রাতভর তীব্র বোমাবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংবাদদাতারা। শহরের রিসালাত স্কয়ারের কাছে হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। এই হামলার ঘটনায় তেহরানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গোলাগুলি ও হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৮৬ জন ছাড়িয়ে গেছে। এতে লেবানন-ইসরায়েল সীমান্তে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল এই সহিংসতা বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত