সংবাদ সম্মেলনে বক্তারা

ভেপ ব‍্যবহার করছেন ১০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ 

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৬:৪৭ পিএম

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৫ এর বিষয়ে জাতীয় সংসদে পূর্ণাঙ্গ পুনর্মূল্যায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ট্রেডার্স অ্যাসোসিয়েশন (বেন্ডস্টা)।

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম বা ভেপ পণ্যের ওপর নিষেধাজ্ঞাকে নীতিগত বৈষম্য বলে উল্লেখ করেন বেন্ডস্টার সভাপতি সুমন জামান। 

সংগঠনটির দাবি, বিষয়টি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন এবং আদালত ইতোমধ্যে প্রণীত অধ্যাদেশটির ৬(গ) সংবিধান পরিপন্থী এবং বৈধভাবে আমদানিকৃত ভেপ পণ্য বাজেয়াপ্ত না করার নির্দেশ দিয়েছেন। 

বেন্ডস্টার পক্ষ থেকে বলা হয়, বিশ্বের অধিকাংশ দেশ নিয়ন্ত্রিত কাঠামোর মাধ্যমে ইলেকট্রনিক নিকোটিন পণ্য ব্যবস্থাপনা করছে। বাংলাদেশেও একই ধরনের বাস্তবসম্মত ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আনিস খান, সাধারণ সম্পাদক রেজওয়ান আহমেদ ও এ জি এস তৌফিক আহমেদ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে বর্তমানে আনুমানিক ১০ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ ইএনডিএস বা ভেপ ব্যবহার করেন, যাদের অনেকেই ধূমপানের ক্ষতি হ্রাস বা ধূমপান ত্যাগের উদ্দেশ্যে এই বিকল্প গ্রহণ করেছেন। নিষেধাজ্ঞা দেওয়া হলে   কার্যতঃ পুরো বাজারটিকে কালোবাজারের হাতে চলে যাবে , যার ফলে মানহীন পণ্যের বিস্তার, কিশোরদের অনিয়ন্ত্রিত অ্যাক্সেস এবং স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

এই খাতের অর্থনৈতিক অভিঘাতও অত্যন্ত গভীর। বেন্ডস্টার অধীনে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান এবং ৬০০-এরও বেশি চেইন স্টোর পরিচালিত হচ্ছে এবং সহস্রাধিক শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের কর্মসংস্থান এই খাতের উপর নির্ভরশীল। উদ্যোক্তাদের বিনিয়োগ, ব্যাংকঋণ, ব্যবসায়িক দায় এবং কর্মচারীদের জীবিকা আজ অনিশ্চয়তার মুখে রয়েছে।

সংবাদ সম্মেলনে বেন্ডস্টার পক্ষ থেকে বলা  হয়, প্রধানমন্ত্রীর ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামোগত সংস্কার কর্মপরিকল্পনার ২৬ নম্বর দফায় যুক্তরাজ্যের এনএইচএস মডেলভিত্তিক স্বাস্থ্যনীতি অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি স্বাস্থ্য পরিকল্পনায় ধূমপায়ীদের জন্য ক্ষতি হ্রাস, ধূমপান ত্যাগে সহায়তা এবং প্রমাণভিত্তিক বিকল্প হিসেবে ভেপ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেই আলোকে ইএনডিএস-এর ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞার পরিবর্তে একটি নিয়ন্ত্রিত কাঠামো অধিকতর বাস্তবসম্মত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত