টিএসসিতে নারী হেনস্তার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থীকে বহিষ্কার

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৮:৫১ পিএম

টিএসসি এলাকায় দুই যুবক ও দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল। বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে আগামী ছয় মাসের জন্য তাদের বহিষ্কার করা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে বিষয়টি তদন্তে কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বহিষ্কৃত শিক্ষার্থী শাহরিয়ার তানজিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি তাকে সব সাংগঠনিক পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করে ছাত্রদল কেন্দ্রীয় সংগঠন।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে টিএসসি-সংলগ্ন এলাকায় দুই নারীকে হেনস্তা ও শারীরিক লাঞ্ছিত করার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, অভিযুক্তদের একজন বাঁশের লাঠি হাতে এক নারীকে লাথি মারার চেষ্টা করছেন।

ভিডিওতে অভিযুক্তদের বিরুদ্ধে শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ তুলতে শোনা যায় ওই নারীদের। পরে ২৬ ফেব্রুয়ারি অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত