সৌদি আরবের যুবরাজের পক্ষ থেকে বাংলাদেশে উপহার হিসেবে পাঠানো খেজুরের মধ্যে কুমিল্লার জন্য বরাদ্দকৃত ২০ কার্টনের কোনো হিসাব মিলছে না। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী কুমিল্লা জেলার জন্য ৫২০ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হলেও জেলা পর্যায়ে বিতরণ করা হয়েছে ৫০০ কার্টন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায়, সৌদি আরবের যুবরাজের প্রতিষ্ঠিত কিং সালমান হিউম্যানিটিরিয়ান অ্যাইড অ্যান্ড রিলিফ সেন্টারের পক্ষ থেকে বাংলাদেশকে ১২ হাজার ৫০০ কার্টন খেজুর উপহার দেওয়া হয়। এসব খেজুর গত ১ মার্চ জেলাভিত্তিক বণ্টনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
তথ্য অনুযায়ী, কুমিল্লা জেলার জন্য মোট ৫২০ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছিল।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ৮ মার্চ কুমিল্লার ১৭টি উপজেলায় এসব খেজুর বিতরণ করা হয়। তবে উপজেলাগুলোতে মোট ৫০০ কার্টন খেজুর দেওয়া হয়েছে বলে জানানো হয়। ফলে বাকি ২০ কার্টন খেজুরের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে কুমিল্লার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবেদ আলী বলেন, তাদের কাছে ৫০০ কার্টন খেজুরই পৌঁছেছিল এবং সেই পরিমাণই উপজেলাগুলোতে বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, আমাদের কাছে ৫০০ কার্টন খেজুর এসেছিল। আমরা সেগুলোই বিতরণ করেছি। অধিদপ্তর পরে সেটি সংশোধন করে ৫০০ কার্টন করেছে।
তালিকা সংশোধন করা হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তালিকা সংশোধন না, বরাদ্দটাই ৫০০ ছিল। সেটিই পরে সংশোধন করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইটে কুমিল্লা জেলার জন্য ৫২০ কার্টন খেজুর বরাদ্দ দেখানো হচ্ছিল।
এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
