কিশোরগঞ্জের ভৈরবে জ্বালানি তেল পরিমাণে কম দেওয়ার অভিযোগে মেসার্স মিন্টু মিয়া ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার বিকেলে ভৈরব প্রশাসন ও বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের যৌথ অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত জান্নাত হোটেল সংলগ্ন ওই ফিলিং স্টেশনে এ অভিযান চালানো হয়।
অভিযানের সময় ডিসপেনসিং ইউনিট পরীক্ষা করে দেখা যায়, প্রতি ১০ লিটারে প্রায় ৫০ মিলিলিটার জ্বালানি কম দেওয়া হচ্ছে। পরে এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক।
এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নরসিংদী কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) শেখ রাসেল। ভৈরব থানা পুলিশের সদস্যরা ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।
