নীলফামারীতে ৯টি চোরাই গরুসহ গ্রেপ্তার ১

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৮:৪৩ এএম

নীলফামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৯টি চোরাই গরুসহ সুজন ইসলাম নামে আন্তঃজেলা গরু চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে জেলা সদরের জ্ঞানদাশ কানাইকাটা ও তরুনীবাড়ি এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সুজন ইসলাম (২৪) একই উপজেলার পলাশকাড়ি ইউনিয়নের জ্ঞানদাশ কানাইকাটা এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, গত ৯ মার্চ ভোরের দিকে পলাশবাড়ি ব্রাহ্মণপাড়ার আব্দুল আজিজ খানের গোয়াল ঘর থেকে চারটি গরুর মধ্যে তিনটি গরু চুরি হয়। উক্ত ঘটনায় আব্দুল আজিজ খান নীলফামারী সদর থানায় মামলা দায়ের করেন। নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামের সার্বিক তত্ববধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম, সদর সার্কেল ফারুক আহমেদ ও সদর থানা পুলিশ অভিযান শুরু করে। এমতাবস্থায় গোপন খবর পেয়ে ১০ মার্চ রাতে উক্ত আসামির বাড়িতে অভিযান চালিয়ে মামলার বাদীর গরুসহ আরও তিনটি গরু উদ্ধার করা হয়। পরে আসামি সুজনের দেওয়া তথ্যে তার সহযোগী তরুনীবাড়ি গ্রামের মোস্তাকিনের বাড়িতে অভিযান চালিয়ে বাদীর আরও দুইটি গরুসহ মোট ৬টি গরু উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের  পেরে মোস্তাকিন পালিয়ে যান।

ওসি জানান,আসামি সুজনকে আদালতে নেয়া হলে জবানবন্দিতে গরু চুরির বিষয়টি স্বীকার করেন তিনি। পরে আদালতে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চুরির সঙ্গে জড়িত চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত