দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে আবাসিক কোয়ার্টার আউট হাউজে ছাদ ভেঙে রেললাইন চুরির সময় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে পার্বতীপুর রেলওয়ে সাহেবপাড়া বাংলো আউট হাউজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা রেললাইন লম্বায় ১০ ফুট আর এর মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
এঘটনায় পার্বতীপুর রেলওয়ে সিনিয়র সাব এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার (ওয়ার্কার্স) মো. রাজা আলী শেখ বাদী হয়ে তিনজন আসামিসহ আরও পাঁচজনকে অজ্ঞাতনাম করে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি মামলা করেন।
গ্রেপ্তাররা হলেন পার্বতীপুর সাহেবপাড়া মহল্লার মিনহাজুল হক দুই ছেলে মো. মেহেদী হাসান (২২), মো. অমিত হাসান (২০) ও একই এলাকার শহিদুল ইসলামে ছেলে মো.স্বাধীন ইসলাম (১৯)। গ্রেপ্তারের পরই তাদেরকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়।
এব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলি জানান, মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি রাষ্ট্রীয় সম্পদ আউট হাউজের ছাদ ভেঙে রেললাইন চুরির সময় স্থানীয় লোকজন তিনজনকে ধরে ফেলে। এসময় অজ্ঞাতনামা আরও পাঁচজন পালিয়ে যান। তাদের গ্রেপ্তার চেষ্টা চলছে।
তিনি জানান, পার্বতীপুর রেলওয়ে থানার রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) আইন ২০১৬ এর ৪ রুজু করা হয়েছে। মামলাটি আরএনবির ইন্সপেক্টর, পার্বতীপুর মো. আহসান হাবীব তদন্ত দায়িত্ব রয়েছেন।
