ময়মনসিংহের ত্রিশালে ২২ পিস ইয়াবাসহ আনোয়ার হোসাইন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বীররামপুর উজানপাড়া বটতলা এলাকায় ত্রিশাল-বালিপাড়া সড়কের পাশ থেকে বুধবার (১১ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনোয়ার হোসাইন জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ভাটির চর নওপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, বুধবার বিকালে গোপন খবর পেয়ে ডিএনসির ময়মনসিংহের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে বীররামপুর উজানপাড়া বটতলা এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় গোয়েন্দা দলটি সন্দেহভাজন আনোয়ারকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি করে নীল রঙের বিশেষ প্যাকেটে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে স্বীকার করে।
এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে ত্রিশাল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
