কলাপাড়ায় প্রধান শিক্ষকের ভিডিও ভাইরাল, যা জানা গেলো

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৭:৩৮ পিএম

পটুয়াখালী কলাপাড়ায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাটি এলাকায় টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। ওই শিক্ষককে নিয়ে অনেকেই তার পক্ষে বিপক্ষে কমেন্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিচ্ছেন। তবে ভিডিওটি এআই দিয়ে তৈরী বলে দাবি করছেন শিক্ষক আনোয়ার। বৃহস্পতিবার দিবাগত ভোররাতে মাসুম আহমেদ মীরা নামের একটি ফেসবুক ও টেলিগ্রাম থেকে ওই শিক্ষকের বেশ কয়েকটি অশ্লীল ভিডিও পোষ্ট করা হয়। মুহুর্তেই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষক ভিডিও কলে অশ্লীল অঙ্গভঙ্গি প্রকাশ করছেন। তবে ভিডিওর অপরপ্রান্তে কে ছিলেন সেটা প্রকাশ করা হয়নি।

এ প্রসঙ্গে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি দীর্ঘ ৩৬ বছর ধরে সুনামের সঙ্গে শিক্ষকতা পেশায় নিয়োজিত এবং সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। ভাইরাল ভিডিওগুলো এআই দ্বারা তৈরি করা হয়েছে এবং তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। তিনি ওই ভিডিওর ব্যাপারে আইনি পদক্ষেপ নেবেন বলে জানান। কলাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান বলেন, বিষয়টি লিখিতভাবে বরিশাল শিক্ষা বোর্ডে অবহিত করা হয়েছে। বোর্ড পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত