এক পরিবারের ১০ জনসহ নিহত বেড়ে ১৪

বিয়ে যাত্রা শেষ হলো মৃত্যু যাত্রায়

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৯:৫৫ পিএম

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের বর-কনেসহ নিহত ১০ বেড়ে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৪টার দিকে রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের বেলাইব্রিজের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী বলে নিশ্চিত করেন বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ।

নিহতরা হলেন— বর সাব্বির (৩০), নববধূ মারজিয়া আক্তার মিতু (২৫), মিতুর নানী আনোয়ারা (৭০), দাদি রাশিদা বেগম (৭৫), বোন লামিয়া (১২), বরের পিতা আব্দুর রাজ্জাক (৭০), মা আঞ্জুমান বেগম (৬০), বরের ভাবি পুতুল (৩৫), পুতুলের ছেলে আলিফ (১২), বরের বোন ঐশি (৩০),  ঐশির স্বামী সামিউল, আব্দুল্লাহ সানি (১২) দেড় বছরের শিশু ইরাম ও  মাইক্রোবাসের চালক নাঈম (৪০)। 

নিহতদের মধ্যে ১০জনের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে নিশ্চিত করেন হাসপাতালের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ডা. মেহনাজ মোশাররফ। এছাড়া নিহত বাকি চারজনের লাশ রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে। এদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। গুরুতর আহত আরেকজন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, বরযাত্রীরা বিয়ের পর মাইক্রোসে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রাম থেকে নববধূ মারজিয়া আক্তার মিতুকে নিয়ে বাগেরহাটের মোংলা উপজেলার শ্যাওলাবুনিয়া গ্রামে বরের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের বেলাইব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিকাল ৪টার দিকে মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর বাসটি বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নারীসহ চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

খুলনা হাইওয়ে পুলিশ সুপার মো. জাকারিয়া বলেন, দুর্ঘটনায় মোট ১৪ জন নিহত হয়েছে। এরমধ্যে ১০ জনের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও বাকি চারজনের লাশ রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে। এছাড়া একজন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত