দ্রুততম ১০০ জয়ের রেকর্ড গড়লেন ‘ইউরোপা স্পেশালিস্ট’ এমেরি

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৩:২৬ পিএম

অ্যাস্টন ভিলার দীর্ঘ ১৪২ বছরের ইতিহাসে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেলেন উনাই এমেরি। ইউরোপা লিগের শেষ ষোলোর লড়াইয়ে ফরাসি ক্লাব লিলের বিপক্ষে জয় দিয়ে ভিলার কোচ হিসেবে দ্রুততম ১০০ জয়ের মাইলফলক স্পর্শ করেছেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড।

২০২২ সালের অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর এমেরি মাত্র ১৮১ ম্যাচে এই সেঞ্চুরি পূর্ণ করলেন। এর আগে ভিলার হয়ে দ্রুততম ১০০ জয়ের রেকর্ডটি ছিল কিংবদন্তি কোচ রন সন্ডার্সের দখলে। ১৯৭৭-৭৮ মৌসুমে ১০০ জয় পেতে সন্ডার্সের লেগেছিল চার বছর; সেখানে এমেরি মাত্র ৩ বছর ৪ মাসেই এই ম্যাজিক ফিগার স্পর্শ করলেন।

ভিলার ইতিহাসে এমেরির জয়ের হার বর্তমানে সর্বোচ্চ (৫৫.২%)। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের মাত্র দুইজন কোচ তার চেয়ে বেশি জয় পেয়েছেন। তারা হলেন পেপ গার্দিওলা (১৩৭) এবং মিকেল আর্তেতা (১১৮)। আর্সেনাল থেকে বরখাস্ত হওয়ার পর ইংল্যান্ডে ফিরে এসে নিজেকে প্রমাণের যে লড়াইয়ে নেমেছিলেন এমেরি, এই রেকর্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের চতুর্থ স্থানে থাকা ভিলার সামনে এখন জোড়া লক্ষ্য। লিগে সেরা চারে থেকে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া অথবা রেকর্ড পাঁচবারের ইউরোপা লিগ জয়ী এমেরির হাত ধরে ইউরোপের এই দ্বিতীয় সেরা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা।

রবিবার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে এমেরির শিষ্যরা। এর আগে গতকাল বৃহস্পতিবার লিলের বিপক্ষে জয়ের পর ভিলা অধিনায়ক জন ম্যাকগিন বলেন, ‘গত এক মাসে আমাদের পারফরম্যান্স প্রত্যাশিত ছিল না। এই জয়টি আমাদের জন্য নতুন করে ঘুরে দাঁড়ানোর একটি ভিত্তি তৈরি করে দিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত