রাজধানীর হাতিরঝিল এলাকার মধুবাগে বৃষ্টির সময় নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে রাশেদা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি অন্যের বাসায় কাজ করতেন। শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে মধুরবাগ ৩ নং গলি প্রফেসর বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন। রাশেদার বাড়ি গাইবান্ধার সদর উপজেলায়। তার স্বামী সাইফুল ইসলাম পেশায় ভ্যান চালক। তিনি ৫ সন্তানের জননী। থাকতেন মধুবাগ ৩ নং গলির রুহুল আমিনের বাড়িতে।
তাকে হাসপাতালে নিয়ে আসা দেবর সাখাওয়াত হোসেন জানান, মধুবাগ এলাকায় বিভিন্ন বাসায় কাজ করেন রাশেদা। রাতে ঝড়বৃষ্টি শুরু হলে বাসায় ফিরছিলেন তিনি। বাসার গলিতেই একটি নির্মাণাধীন ভবনের সামনে দিয়ে আসার সময় ঝড়বাতাসে ওই ভবনের উপর থেকে দেয়ালের ইট ধ্বসে তার মাথার উপর পড়ে। এতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দেখতে পেয়ে স্থানীয়রা তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।
