২০২৬ বিশ্বকাপের আগে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের লড়াই 'ফিনালিসিমা' নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। ম্যাচটি আয়োজনের সময় ঘনিয়ে আসলেও ভেন্যু চূড়ান্ত না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি।
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির কারণে কাতার থেকে ম্যাচটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর থেকেই দুই দেশের ফুটবল ফেডারেশন নতুন ভেন্যু খুঁজে পেতে হিমশিম খাচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী, স্পেন তাদের ঘরের মাঠ রিয়াল মাদ্রিদের 'সান্তিয়াগো বার্নাব্যু' স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করতে চেয়েছিল। কিন্তু আর্জেন্টিনার পক্ষ থেকে এই প্রস্তাবটি ফিরিয়ে দেওয়া হয়েছে। ফলে ম্যাচটির ভাগ্য এখন ঝুলে আছে।
আর্জেন্টাইন সাংবাদিক এস্তেবান এদুলের মতে, স্কালোনি ইতিমধ্যে তার প্রাথমিক দল গঠন করে ক্লাবগুলোর কাছে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু ম্যাচ কোথায় হবে বা আদৌ হবে কি না, তা নিয়ে স্পষ্ট ধারণা না থাকায় বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি পরিকল্পনা বিঘ্নিত হচ্ছে। বিশ্বকাপের ঠিক আগে এমন বড় একটি ম্যাচ দলের আত্মবিশ্বাস বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথচ ভেন্যু সংকটে সেটিই এখন অনিশ্চিত।
ফিনালিসিমা মূলত কোপা আমেরিকা জয়ী (আর্জেন্টিনা) এবং ইউরো জয়ী (স্পেন) দলের শ্রেষ্ঠত্বের লড়াই। লিওনেল মেসির আর্জেন্টিনা গত আসরে ইতালিকে হারিয়ে এই শিরোপা জিতেছিল। এবার স্পেনের তরুণ তুর্কিদের বিপক্ষে তাদের লড়াই দেখার অপেক্ষায় আছে পুরো বিশ্ব।
আয়োজকরা এখনো আশা করছেন ২৭ মার্চই ম্যাচটি আয়োজন করা সম্ভব হবে। তবে আগামী কয়েক দিনের মধ্যে ভেন্যু চূড়ান্ত না হলে ম্যাচটি আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
দলবদলের গুঞ্জন: ওল্ড ট্র্যাফোর্ডে ফিরছেন রাশফোর্ড?
'এখানে কেউ চ্যারিটি ম্যাচ খেলতে আসেনি'- লিটন দাস