৫ সিটিতে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৬ পিএম

৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আজ শনিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়।

এর মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনে অ্যাডভকেট বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহীতে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহে মো. রুকনুজ্জামান রোকন, রংপুরে মাহফুজ উন নবী চৌধুরী, কুমিল্লায় মো. ইউসুফ মোল্লাকে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন তারা।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশোধিত অধ্যাদেশের ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন।

এর আগে ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। গত ২২ ফেব্রুয়ারি এই নিয়োগ দিয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে সরকার।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত