ভারতের কাছে হারায় ‘৫০ লাখ রুপি জরিমানা’ হচ্ছে না পাকিস্তানি ক্রিকেটারদের

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৯:৫৬ পিএম

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড়দের প্রত্যেককে ৫০ লক্ষ রুপি করে জরিমানা করা হচ্ছে- এমন খবর ছড়িয়ে পড়েছিল গণমাধ্যমে। পাকিস্তানের শীর্ষ গণমাধ্যমগুলো এমন খবর প্রকাশ করার পর দেশটির সাবেক ক্রিকেটাররা পিসিবির সমালোচনায় মেতে ওঠেন। অবশেষে এমন খবরকে ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দিয়েছে পিসিবি।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নেয় পাকিস্তান। তাছাড়া গ্রুপপর্বে ভারতের কাছে লজ্জাজনকভাবে পরাজিত হয়। এর প্রেক্ষিতে পাকিস্তানের বেশ কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারের পর ক্ষুব্ধ বোর্ড এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। পিসিবির মুখপাত্র আমির মীর জানিয়েছেন, খেলোয়াড়দের ওপর জরিমানা আরোপের কোনো সিদ্ধান্ত হয়নি এবং ভবিষ্যতেও এমন কিছু করার পরিকল্পনা নেই।

হিন্দুস্তান টাইমসকে আমির মীর বলেন, ‘পিসিবির পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত কখনোই নেওয়া হয়নি। আমাদের ক্রিকেট বোর্ডের সংবিধানে বা প্রচলিত নিয়মে এমন কোনো নজির বা বিধানও নেই।’

জরিমানার এই গুঞ্জন যখন তুঙ্গে, তখন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ এক টেলিভিশন নাটকীয় মন্তব্য করেছিলেন, ‘যদি ৫০ লক্ষ রুপি জরিমানা দিলে দেশের বা পাকিস্তানের ক্রিকেটের উন্নতি হয়, তবে আমি একাই সব খেলোয়াড়ের পক্ষ থেকে এই টাকা দিয়ে দিতে রাজি আছি। ক্রিকেট ভালো করার জন্য যতজনকে ইচ্ছা জরিমানা করুন, টাকা আমি দেব।’

শেহজাদের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়। এছাড়া পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলেছিলেন, ‘এটা সংকীর্ণ মানসিকতার প্রকাশ। ৫০ লাখ রুপি দিয়ে (বোর্ড) কী করবে! আমার মতে, এটা কোনো জরিমানাই নয়।’ যাই হোক, সুখবর হলো মাঠের পারফরম্যান্স নিয়ে বিতর্ক থাকলেও, আপাতত পকেটে টান পড়ার ভয় নেই বাবর-রিজওয়ানদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত